Popular Posts

‘দেশের অবস্থা তো খারাপ হবে’ — মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের এক সন্ন্যাসী, অভিযোগ: SIR তালিকায় নেই তাঁর নাম

সুমিত দে, কলকাতা:SIR ইস্যুতে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নামঞ্চে একের পর এক অভিযোগ সামনে আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই মঞ্চেই হাজির হন রামকৃষ্ণ সারদা মিশন-এর এক সন্ন্যাসী, যিনি দাবি করেন—দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্বে থাকলেও তাঁর নাম SIR তালিকায় নেই। তাঁকে পাশে বসিয়েই বিজেপি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
ধর্মতলার ধর্নামঞ্চে দুপুরে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এলাকার একটি রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি মঞ্চ থেকেই নিজের অভিজ্ঞতার কথা জানান।
সন্ন্যাসী বলেন,
“আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। প্রায় ১৪ বছর ধরে মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। তা সত্ত্বেও SIR তালিকায় আমার নাম বাতিল করা হয়েছে। আমি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। আজ দিদির কাছে এসেছি। বলেছি—এভাবে যদি চলতে থাকে, তাহলে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে।”


তিনি আরও বলেন,
“এই ধর্নামঞ্চ থেকেই বলছি—সত্যের জয় হোক। SIR যেন তুলে নেওয়া হয়, তার জন্য ঠাকুর, মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করছি।”
সন্ন্যাসীর বক্তব্যের সময় পাশে দাঁড়িয়েই তাঁকে নথিপত্র দেখাতে বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
“কাগজগুলো দেখিয়ে দিন। উনি বলছেন ২০০২ সালেও ভোটার তালিকায় তাঁর নাম ছিল।”
সন্ন্যাসী যখন মঞ্চে দাঁড়িয়ে নিজের নথি দেখাচ্ছিলেন, তখনই মুখ্যমন্ত্রী আরও দাবি করেন,
“আমি এখানে এমন সাত জনকে হাজির করব, যাঁদের ফাইনাল ভোটার লিস্টে মৃত বলে দেখানো হয়েছে। প্রায় ৫ লক্ষ জ্যান্ত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে।”
SIR তালিকা নিয়ে এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ধর্নামঞ্চ থেকেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেন তৃণমূল নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *