1
1
শ্রেয়া সেনগুপ্ত কলকাতা
ভোটের মুখে চাঞ্চল্যকর ঘটনা একবালপুর-এ। নির্বাচনী প্রচারে গিয়ে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী রাকেশ সিং-এর বিরুদ্ধে। তিনি কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী।
সোমবার রাতে প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা চরমে ওঠে এবং তা হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, ভারতীয় জনতা পার্টি (BJP) কর্মী-সমর্থকেরা শাসকদলের কর্মীদের উপর চড়াও হওয়ার পাশাপাশি পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের এক আধিকারিকের বডিক্যাম কেড়ে নেওয়ার অভিযোগও সামনে এসেছে। আরও অভিযোগ, প্রার্থীর নির্দেশে কয়েকজন সমর্থক পুলিশকর্মীদের কাছ থেকে সার্ভিস রিভলবার ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে।
এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের উপর হামলার অভিযোগে মোট ৩টি FIR দায়ের হয়েছে। এর মধ্যে রাকেশ সিং-এর নামেই রয়েছে ২টি FIR। মঙ্গলবার সকাল পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাঁদের মধ্যে ৫ জন বিজেপি কর্মী বলে জানা গেছে।

সংঘর্ষে অন্তত ৯ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একবালপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঘটনার সূত্রপাত কীভাবে, প্রথম আক্রমণ কে চালায় এবং কেন পুলিশকে লক্ষ্য করে হামলা—এসব প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।