Popular Posts

ভুয়ো অসুস্থতার খবরে ক্ষোভ, সুস্থ আছেন কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়

শ্রেয়া সেনগুপ্ত কলকাতা
বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়-কে নিয়ে বুধবার সকাল থেকে ছড়িয়ে পড়ে গুরুতর অসুস্থতার গুজব, যা মুহূর্তে চাঞ্চল্য তৈরি করে টলিউড মহলে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিবারের তরফে স্পষ্ট জানানো হয়—এই খবর সম্পূর্ণ ভুয়ো। প্রায় ৯০-এ পা রাখা অভিনেত্রী আপাতত সুস্থ আছেন এবং নিজের বাড়িতেই রয়েছেন।
সামাজিক মাধ্যমে আচমকা এই গুজব ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন অনুরাগী ও পরিচিতদের ফোনে ভরে যায় পরিবারের লাইন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রীর সহকারীরাও। তাঁদের কথায়, “কোথা থেকে এই ধরনের ভিত্তিহীন খবর রটে, বোঝা দায়। সকাল থেকে ফোন সামলাতে হিমশিম খেতে হচ্ছে। একজন সুস্থ মানুষকে অসুস্থ বলে প্রচার করার কোনও মানে হয় না। উনি ভালো আছেন, ওঁকে শান্তিতে থাকতে দিন।”
প্রসঙ্গত, বছর দুয়েক আগে বার্ধক্যজনিত সমস্যায় কিছুদিন অসুস্থ ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তবে সেই সময় সুস্থ হয়ে ফের অভিনয়ে ফিরেছিলেন তিনি। সম্প্রতি চিরসখা ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
এই ঘটনার পর ভুয়ো খবর ছড়ানো নিয়ে ক্ষোভে ফুঁসছে স্টুডিওপাড়া থেকে শুরু করে ভক্তমহল—সংবেদনশীল বিষয় নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কড়া সমালোচনা করছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *